বর্ধমান শহরের এক কোণে গোপাল মিত্রের একটি ছোট মিষ্টির দোকান ছিল—"গোপাল মিষ্টান্ন ভাণ্ডার"।
প্রথমদিকে দোকানটি খুবই ছোট ছিল। মাত্র— 2 জন কারিগর, 1 টি বড় চুলা এবং 1 টি মিষ্টি তৈরির টেবিল নিয়েই ব্যবসা চলত।
কিন্তু গোপালের মিষ্টির স্বাদ এত ভালো ছিল যে কয়েক বছরের মধ্যে সারা জেলায় তার নাম ছড়িয়ে পড়ল।
একদিন তার ছেলে শুভ বলল,
— বাবা, যদি সবকিছু বড় করি তাহলে কি উৎপাদনও একই হারে বাড়বে?
গোপাল হেসে বললেন,
— এই প্রশ্নের উত্তরই একজন ব্যবসায়ীকে ধনী বা গরিব বানায়।
চল, একটা গল্প শুনি।
প্রথমে তাদের ছোট কারখানা ছিল। মাত্র— 2 জন কারিগর, 1 টি বড় চুলা এবং 1 টি মিষ্টি তৈরির টেবিল নিয়েই ব্যবসা চলত। এগুলোর সাহায্যে প্রতিদিন 100 কেজি মিষ্টি তৈরি হতো।
এক বছর পরে গোপাল ভাবলেন—
"সবকিছু দ্বিগুণ করি।"
তাই তিনি—
• কারিগর 2 → 4 জন করলেন
• চুলা 1 → 2 টি করলেন
• টেবিল 1 → 2 টি করলেন
অর্থাৎ সব উপকরণ একই অনুপাতে দ্বিগুণ হল।
এবার উৎপাদনও 100 → 200 কেজি হল।
শুভ বলল,
— বাহ! সব দ্বিগুণ করলে উৎপাদনও দ্বিগুণ হল।
গোপাল বললেন,
— একে বলে "সমহারে মাত্রাবৃদ্ধির প্রতিদান" [Constant Returns to Scale]।
অর্থাৎ,
যে হারে উপকরণ বাড়ছে,
ঠিক সেই হারে উৎপাদনও বাড়ছে।
কারিগর দ্বিগুণ।
চুলা দ্বিগুণ।
যন্ত্র দ্বিগুণ।
কিন্তু এবার অদ্ভুত ঘটনা ঘটল।.উৎপাদন 200 কেজি থেকে 500 কেজি হয়ে গেল।
শুভ অবাক।
— বাবা, উপকরণ তো দ্বিগুণ হয়েছে, কিন্তু উৎপাদন তো দ্বিগুণেরও বেশি হয়েছে!
গোপাল হেসে বললেন,
— এটাই বড় ব্যবসার জাদু। কারণ এখন—
• আলাদা প্যাকেজিং বিভাগ আছে।
• আলাদা রসগোল্লা বিভাগ আছে।
• আলাদা সন্দেশ বিভাগ আছে।
• আলাদা গুণমান পরীক্ষা বিভাগ আছে।
আগে একজন কারিগর দশটা কাজ করত। এখন একজন একটি কাজেই বিশেষজ্ঞ। ফলে দক্ষতা অনেক বেড়ে গেল।এবার উৎপাদন উপকরণের চেয়েও দ্রুত বাড়তে লাগল।
এটাকেই বলে— "ক্রমবর্ধমান মাত্রাবৃদ্ধির প্রতিদান" [Increasing Returns to Scale]।
অর্থাৎ,
যে হারে উপকরণ বাড়ছে,
উৎপাদন তার থেকেও বেশি হারে বাড়ছে।
"যত বড় হব, তত বেশি লাভ হবে।"
তাই তিনি কারখানা আরও বড় করলেন। এবার সেখানে—
• শত শত শ্রমিক
• অসংখ্য মেশিন
• বিশাল অফিস
সবকিছু তৈরি হল। কিন্তু সমস্যাও শুরু হল।
একটি ছোট সিদ্ধান্ত নিতে তিন দিন লাগছে।
একটি ফাইল পাঁচটি টেবিল ঘুরছে।
একজন ম্যানেজার আরেকজন ম্যানেজারের অনুমতির অপেক্ষায়।
শ্রমিকরা নির্দেশ পাচ্ছে না।
আগে 10 জন মানুষ একসাথে কাজ করত।
এখন 1,000 জন মানুষকে সামলাতে হচ্ছে।
ফলে কী হলো?
উপকরণ দ্বিগুণ বাড়লেও উৎপাদন দ্বিগুণ বাড়ছে না।
ধরো—
সব উপকরণ দ্বিগুণ হল। কিন্তু উৎপাদন মাত্র ১.৫ গুণ বাড়ল।
শুভ বলল,
— বাবা, এবার তো সমস্যা হচ্ছে!
গোপাল মাথা নেড়ে বললেন,
— হ্যাঁ।
অতিরিক্ত বড় হয়ে গেলে পরিচালনা কঠিন হয়ে যায়।
এটাকে বলে— "ক্রমহ্রাসমান মাত্রাবৃদ্ধির প্রতিদান"
[Decreasing Returns to Scale]।
অর্থাৎ,
যে হারে উপকরণ বাড়ছে,
উৎপাদন তার থেকে কম হারে বাড়ছে।
"ব্যবসায় শুধু বেশি লোক, বেশি যন্ত্র বা বেশি টাকা থাকলেই সাফল্য আসে না।"
"প্রশ্ন হলো—বড় হওয়ার সঙ্গে সঙ্গে উৎপাদন কী হারে বাড়ছে?"
কখনও উপকরণ যত বাড়ে, উৎপাদনও তত বাড়ে।
কখনও উপকরণের চেয়ে বেশি বাড়ে।
আবার কখনও উপকরণের তুলনায় কম বাড়ে।
সুতরাং একজন সফল উদ্যোক্তা শুধু "কত বড়" তা দেখে না।
সে দেখে—
বড় হওয়ার ফলে দক্ষতা বাড়ছে, একই থাকছে, নাকি কমে যাচ্ছে।
কারণ প্রকৃত ব্যবসায়িক প্রজ্ঞা লুকিয়ে থাকে শুধু বৃদ্ধি নয়, বৃদ্ধির ফলাফল কতটা কার্যকর হচ্ছে—সেই বোঝার মধ্যে।

0 Comments